ইউক্রেনকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের দু’জন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মার্কিন প্রতিনিধিদলে ছিলেন।

গতকাল রোববার ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, আবুধাবির সেই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও কথা হয়েছে এবং ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা ইউক্রেনকে দ্রুত নির্বাচনের ব্যাপারে তাগাদা দিয়েছেন।

“আমরা ইউক্রেনের প্রতিনিধিদের বলেছি যে আমরা দ্রুত এই যুদ্ধের অবসান ঘটাতে চাই। আমাদের হাতে বেশি সময় নেই,” গণমাধ্যমকে বলেছেন ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা।

এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দপ্তরের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল গণমাধ্যম, তবে কোনো মুখপাত্র মন্তব্য করতে চাননি।

উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসের নির্বাচনে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন ভ্লাদিমির জেলেনস্কি। তার সাংবিধানিক মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের মে মাসে।

তবে মেয়াদ শেষ হওয়ার পরও একের পর এক ডিক্রি জারি করে সামরিক শাসনের মেয়াদ বাড়িয়ে এখনও ক্ষমতায় আছেন তিনি।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ক্রেমলিন একাধিকবার জানিয়েছে যে, ইউক্রেনের বর্তমান সরকারের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না মস্কো। প্রেসিডেন্ট পুতিন নিজে বলেছেন— ইউক্রেনের নির্বাচিত সরকারের সঙ্গেই যুদ্ধবিরতি চুক্তি করবে মস্কো। তিনি আরও বলেছেন, জেলেনস্কি যদি নির্বাচন দেন এবং সেই নির্বাচনে পুনরায় জয়ী হয়ে ফের ক্ষমতায় আসেন— তাহলেও কোনো সমস্যা নেই।

এদিকে আবুধাবিতে বৈঠকের পর সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, আগামী জুনের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধাবসান চুক্তি হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.