জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে। হতাশা থেকে তারা চোরাইপথে নির্বাচনকে হাইজ্যাক করার চেষ্টা করছে। তাদের সমস্ত অপকর্ম প্রতিহত করা হবে বলেও জানান জামায়েত আমির।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারণায় গিয়ে দেয়া বক্তব্যে এমনটা জানান তিনি।
জামায়াত আমির বলেন, অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয়, তখন ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল যাতে খুনকে বৈধতা দেওয়া যায়, অন্যায়কে লুকিয়ে রাখা যায়। নির্বাচন কমিশন এখন এমনই আচরণ করছে, কেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। নির্বাচন কমিশন আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি তুলে না নিলে নির্বাচন ভণ্ডুল করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, মোহাম্মদপুরে মাদক এবং অস্ত্রের বাণিজ্য হয়। ক্ষমতায় গেলে বিপথগামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনা হবে। ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, একটি দল ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। দেশের জনগণ আগেও তাদের দেখেছে।
আমলা সচিবদের উদ্দেশে বলেন, সরকারের কিছু আমলা এবং সচিব এখনো দলবাজি করে তাদের পছন্দের প্রার্থীদের জিতিয়ে আনার চেষ্টা করছে। এমন কাজ এবার কেউ করলে তাদের আর ক্ষমা করা হবে না।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.