ড্রোনের লাইভ ভিডিওতে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন প্রধান উপদেষ্টা

আর মাত্র তিনদিন পরেই দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে ড্রোন থেকে পাওয়া লাইভ ভিডিওর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নজরদারিতে এ ড্রোন ব্যবহার করবে বিমান বাহিনী।

বিমান বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবও ড্রোন ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সে কারণে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা দ্রুত নির্ণয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত সহায়ক হবে বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বিমান বাহিনী, বিজিবি ও র‍্যাব-এই তিন বাহিনী নির্বাচনে ড্রোন মোতায়েন করতে পারবে। তবে বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়েও সরবরাহ করতে হবে। অন্যদিকে বিজিবি ও র‍্যাব কেবল ইসির আইনশৃঙ্খলা সমন্বয় সেলে লাইভ ফিড দেবে।

চিঠিগুলোতে আরো বলা হয়েছে, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন যেকোনো ধরনের অনাকাঙিক্ষত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরূপ পরিস্থিতিতে স্বল্প সময়ে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা নির্ণয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত সহায়ক হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.