ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রোববার নার্গিসকে ওই কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তার একজন আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) এএফপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইনজীবী মোস্তাফা নিলি বলেন, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দেশত্যাগে দুই বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
তিনি বলেন, ওই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মাদিকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
২০২৩ সালে মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মাদি। গত ২৫ বছরে ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে সরব অবস্থানের কারণে ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মীকে একাধিকবার বিচারের মুখোমুখি ও কারাবরণ করতে হয়েছে।
গত এক দশকের বেশির ভাগ সময় কারাগারেই কাটিয়েছেন তিনি। ২০১৫ সালের পর থেকে তিনি প্যারিসে বসবাসরত যমজ সন্তানদের সঙ্গে আর দেখা করতে পারেননি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.