ভোটের দিন প্রার্থী ও এজেন্টদের যানবাহন চলাচলের নিয়ম জানালো ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের দিন প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের চলাচলের ক্ষেত্রে যানবাহনের ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় গাড়িতে কতজন থাকতে পারবেন এবং স্টিকার ব্যবহারের নিয়মাবলী স্পষ্ট করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা চিঠিতে এই নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী যানবাহন চলাচলের নিয়মগুলো হলো-

গাড়ি (কার/জিপ/মাইক্রোবাস/সিএনজি): প্রার্থী এবং তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে ১টি করে ছোট আকৃতির যানবাহন ((জীপ/কার/মাইক্রোবাস/সিএনজি/অটোরিক্সা ইত্যাদি) ব্যবহার করতে পারবেন। চালকসহ (বৈধ লাইসেন্সধারী) গাড়িতে সর্বোচ্চ ৫ জন অবস্থান করতে পারবেন। প্রার্থীর ব্যক্তিগত গানম্যান থাকলে তিনিও এই ৫ জনের অন্তর্ভুক্ত হবেন।

মোটরসাইকেল: যেসব এলাকায় গাড়ি চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী এবং এজেন্ট প্রত্যেকে ২টি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) সর্বোচ্চ ২ জন থাকতে পারবেন।

নৌযান: নৌপথের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। চালকসহ সর্বোচ্চ ৫ জন একটি নৌযানে যাতায়াত করতে পারবেন।

নির্দেশনায় বলা হয়েছে, যানবাহনে অবস্থানকারী ব্যক্তিদের (প্রার্থী, এজেন্ট ও গানম্যান ব্যতীত) জন্য রিটার্নিং অফিসারের কাছ থেকে পরিচয়পত্র (নমুনা সংযুক্ত) সংগ্রহ করতে হবে। এছাড়া যানবাহনে রিটার্নিং অফিসার প্রদত্ত স্টিকার অবশ্যই দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে। উল্লেখ্য, প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ছাড়া গাড়িতে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের সীমানার ভেতরে প্রবেশ করতে পারবেন না।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি। সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। এর মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.