নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) জানুয়ারি-জুন ২০২৬ সেশনে সিএমএ প্রোগ্রামে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলো।

রাজধানীর নীলক্ষেতে অবস্থিত আইসিএমএবি ভবনের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের একাডেমিক দিকনির্দেশনা ও পেশাগত প্রস্তুতির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি তিনটি পর্বে বিভক্ত ছিল-একাডেমিক ব্রিফিং সেশন, রিভিজিটিং দ্য মেমোরি লেন এবং ফ্রেশার্স রিসেপশন। একাডেমিক ব্রিফিং পরিচালনা করেন অধ্যাপক ড. নিখিল চন্দ্র শীল এফসিএমএ এবং অধ্যাপক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ এফসিএমএ। তারা সিএমএ কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত ধারণা দেন।

অনুষ্ঠানে আইসিএমএবি’র সভাপতি মো. কাউসার আলম এফসিএমএ বলেন, সিএমএ পেশা করপোরেট সুশাসন, আর্থিক শৃঙ্খলা ও টেকসই ব্যবসা চর্চা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এমন পেশাজীবী গড়ে তুলতে চাই, যারা বিশ্লেষণধর্মী দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারি ও বেসরকারি উভয় খাতে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

সহ-সভাপতি ও শিক্ষা কমিটির চেয়ারম্যান এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ বলেন, সিএমএ যোগ্যতা অর্জন করতে শৃঙ্খলা, ধারাবাহিক অধ্যয়ন এবং উচ্চমানের পেশাগত সততা প্রয়োজন। এছাড়া নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম এফসিএমএ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্বিক একাডেমিক ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান এফসিএমএ শিক্ষার্থীদের মনোযোগী ও লক্ষ্যভিত্তিক থেকে পেশাগত উৎকর্ষ অর্জনের আহ্বান জানান।

একইসাথে অনুষ্ঠানে ‘এসএএফএ প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫’–এর বিজয়ীদের পুরস্কার প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করা হয়। আইসিএমএবি’র সচিব মনজুর মো. শাইফুল আজম এফসিএমএ’র ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.