শ্রমিক মুনাফার ৫ শতাংশ বাতিলে শ্রম আইন সংশোধনের প্রতিবাদ

বিদেশি বিনিয়োগকৃত জ্বালানি খাতকে আইনসম্মত ৫ শতাংশ শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল (ডব্লিউপিপিএফ) থেকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে শ্রম আইন সংশোধনের যেকোনো উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে শেভরন বাংলাদেশ অ্যামপ্লয়িজ ইউনিয়ন (সিবিইইউ)। একই সঙ্গে বিচারাধীন বিষয়ে শ্রম আইনে পরিবর্তনের উদ্যোগ বন্ধ ও জাতীয় নির্বাচনের আগে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণকে অযৌক্তিক উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি জানায়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী লিখিত বক্তব্যে বলেন, শেভরন ও টাল্লোর গ্যাসক্ষেত্রগুলো দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশি বিনিয়োগকৃত জ্বালানি খাতে কর্মরত জাতীয় কর্মচারীদের আইনসম্মত ডব্লিউপিপিএফ সুবিধা থেকে বঞ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক উদ্যোগের তীব্র প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শেভরন বাংলাদেশের শ্রমিকরা লভ্যাংশের দাবিতে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর আদালত শ্রমিকদের পক্ষে রায় দিয়ে তিন মাসের মধ্যে নিট মুনাফার ৫ শতাংশ ডব্লিউপিপিএফ পরিশোধের নির্দেশ দেন। বর্তমানে বিষয়টি বিচারাধীন থাকায় এ সময়ে শ্রম বিধিমালা সংশোধনের উদ্যোগ আদালতের কাজে হস্তক্ষেপের শামিল বলে গণমাধ্যমকে জানানো হয়।

সংগঠনটির দাবিগুলো হলো—বিচারাধীন বিষয়ে শ্রম আইন পরিবর্তনের উদ্যোগ বন্ধ করা, ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার সংশোধনী প্রত্যাহার এবং নির্বাচনের আগে এ ধরনের সংবেদনশীল নীতি পরিবর্তন বন্ধ করা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোস্তফা সোহেল ইকবাল, সহসভাপতি এস এম শাহরিয়ার আবেদীন এবং টাল্লো বাংলাদেশ অ্যামপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন আল রশিদ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.