গত সরকারের আমলে বন্ধ করে দেওয়া ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল চালু করার দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। এই দাবিতে আগামী ৩১ মার্চ শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কারুজ্জামান ফিরোজ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত বন্ধ ও খোলা সব চিনি কারখানায় ২৬ মার্চ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে আহ্বায়ক কারুজ্জামান ফিরোজ জানান, ২০২৪ সালের নভেম্বরে জাতীয় গণফ্রন্ট এবং জাতীয় মুক্তি কাউন্সিলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের সময় বন্ধ ছয়টি চিনিকল আধুনিক করে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে এক অধ্যাদেশের মাধ্যমে চিনিকলগুলো চালু করার ঘোষণাও আসে। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ না দিয়ে উল্টো আখমাড়াই কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা অনতিবিলম্বে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করে চিনিকলগুলো সচল করার জোর দাবি জানান।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.