৭৭ শতাংশ ভোটারদের ধারণা উন্নয়ন মানেই রাস্তা, কালভার্ট নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি: সিপিডি

দেশের প্রায় চার ভাগের তিন ভাগ বা ৭৭ শতাংশ ভোটার মনে করেন, রাস্তা, কালভার্ট নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি হলেই উন্নয়ন নিশ্চিত হয়। অর্থাৎ উন্নয়ন সম্পর্কে ভোটারদের ধারণা এখনো অবকাঠামো নির্মাণকেন্দ্রিক। জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রেও বিষয়টি তাঁদের প্রভাবিত করছে।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। আজ শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এ জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। মিডিয়া ব্রিফিংয়ে জরিপের তথ্য উপস্থাপন করেন গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত, অনুষ্ঠান সহযোগী সামি মোহাম্মদ, মালিহা সাবাহ ও নূর ইয়ানা জান্নাত।

সিপিডির জরিপে দেখা গেছে, উন্নয়ন বলতে অধিকাংশ ভোটার এখনো সড়ক, ব্রিজ ও দৃশ্যমান অবকাঠামো প্রকল্পকেই প্রধান সূচক হিসেবে দেখছেন। শহরাঞ্চলের প্রায় ৮৬ শতাংশ ভোটার উন্নয়নের সঙ্গে ব্রিজ ও সড়ক নির্মাণের বিষয়টিকে ঘনিষ্ঠভাবে যুক্ত করে দেখেন। পার্বত্য চট্টগ্রাম, উপকূলীয় অঞ্চল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে এ ধারণা প্রবল।

গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত বলেন, উন্নয়ন ধারণার এই একমুখী প্রবণতা দীর্ঘ মেয়াদে টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আড়ালে ফেলে দিতে পারে। জরিপে ১৫০টি নির্বাচনী এলাকার ৪৫০ জন প্রার্থী ও ১ হাজার ২০০ ভোটারের মতামত নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার উপায় হিসেবে প্রায় ৬১ শতাংশ ভোটার গাছ লাগানো ও প্লাস্টিক ব্যবহার কমানোর ওপর জোর দিয়েছেন।

জরিপে আরও দেখা গেছে, নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে জানেন এমন ভোটারের হার ৪৭ শতাংশ এবং প্রার্থীদের ক্ষেত্রে এই হার ৪২ শতাংশ। সামাজিক উন্নয়নের প্রশ্নে ভোটারদের অগ্রাধিকার মূলত স্বাস্থ্য ও শিক্ষা। সিপিডির মতে, দেশের বড় একটি অংশ এখনো মৌলিক চাহিদা পূরণের লড়াই করছে বলে সামাজিক বিষয়গুলো তাঁদের কাছে গৌণ হয়ে উঠছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.