বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, নির্বাচনে জামায়াতে ইসলামী বোরকা পরে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, লক্ষ্মীপুরে সিল উদ্ধারের ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এতে উদ্বেগ জানাচ্ছে বিএনপি। এই দলটি ভোটে ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা করছে। ধর্মকে ব্যবহার করে ভোট জালিয়াতির পাঁয়তারা করছে। বোরকা পরে জাল ভোট দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা। তাই নির্বাচন কমিশনের কাছে নারী কক্ষে নারী পোলিং এজেন্ট নিয়োগের আহ্বান জানাচ্ছে।
তিনি বলেন, জামায়াত নেতার ভবন থেকে স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। তাহলে কী তারা নির্বাচনকে সামনে রেখে সহিংসতার পরিকল্পনা করছেন? এসব বিষয় সুষ্ঠু নির্বাচনের পেছনে অন্তরায়। তাই নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারকে নজর দেয়ার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান গতকাল দলীয় ইশতেহার ঘোষণা করেছেন। এই ইশতেহার বিগত দিনে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোকে গড়ে তোলার। জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতা পেলে ইশতেহারের প্রতিটি বিষয় বাস্তবায়ন করবে বিএনপি। ইশতেহারে সবার আগে বাংলাদেশের মূলমন্ত্র ধারণ করা হয়েছে।
রয়টার্স তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রেখেছে দাবি করে তিনি বলেন, যা জাতিকে অনুপ্রাণিত করেছে। আগামীকাল ঢাকা উত্তরে ছয়টি নির্বাচনি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। পরশু দিন আটটি জনসভায় অংশ নেবেন।
যুক্তিতর্কের উদ্দেশ্যে তারেক রহমানকে ট্যাগ করে জামায়াত আমিরের করা ফেসবুক পোস্টের ব্যাপারে মাহদী আমিন বলেন, নির্বাচনের দুদিন আগে ফেসবুকে পোস্ট এবং তারেক রহমানকে ট্যাগ করা বেশ চটকদার একটি বিষয়। এ বিষয়ে কতটুকু সময় বের করা সম্ভব সেটা ভাবতে হবে। এ বিষয়ে এখনো কথা হয়নি তারেক রহমানের সঙ্গে।
এক্স পোস্টে নারীদের নিয়ে মন্তব্যের বিষয়ে তিনি বলেন, কোনো পলিসি একদিনে আসেনি। জামায়াতের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়, কিছুক্ষেত্রে আমরা দ্বিচারিতা দেখতে পাচ্ছি। এক্স পোস্টে নারীদের যা বলেছেন আল জাজিরার সাক্ষাৎকারেও তিনি তাই বলেছেন, একটি শব্দ বাদে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.