স্বর্ণের দাম কমল

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম এক লাফে কমলো সাত হাজার ৬৪০ টাকা। সে হিসাবে আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা গুনতে হচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ শুক্রবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ আট হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭০ হাজার ৪১১ টাকায় বেচাকেনা হবে।

যেখানে গতকাল বৃহস্পতিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.