বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের দাবি

বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইন কাঠামো সংস্কারসহ সাত দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্সিলের পক্ষ থেকে এসব দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ও স্বাধীন ভূমিকা নিশ্চিতে ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন জোরদারে ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ সংশোধনসহ সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধানের সংস্কার জরুরি। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে বিদ্যমান অচলাবস্থা নিরসনের দাবি জানানো হয়।

কাউন্সিলের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- যথাযথ মূল্যায়ন ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ ছাড়া নিয়োগ দেওয়া চুক্তিভিত্তিক সব উপদেষ্টা, পরামর্শক ও কর্মকর্তার নিয়োগ বাতিল; দাপ্তরিক দায়িত্ব পালনের কারণে হয়রানির শিকার কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা নিশ্চিত; বাংলাদেশ ব্যাংকের নীতি ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভর্নরের সক্রিয় সময় ও মনোযোগ নিশ্চিত করা এবং গণমাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকিং নীতি ও পদ্ধতি নিয়ে অসঙ্গত ও খেয়ালি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতের দাবিতে ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দেওয়া হয়। গত ৫ নভেম্বর গভর্নরের কাছে পুনরায় অনুরোধ জানানো হয়। একই বছরের ২৩ ডিসেম্বর অপ্রয়োজনীয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়েও গভর্নরের দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.