নিউ স্টার্ট চুক্তি শেষ হওয়ায় গুরুতর নিরাপত্তা সংকটে বিশ্ব: গুতেরেস

নিউ স্টার্ট পারমাণবিক চুক্তি শেষ হওয়ায় বিশ্ব এখন একটি গুরুতর নিরাপত্তা সংকটের মুখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি দ্রুত করার আহ্বান জানিয়েছেন গুতেরেস।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গুতেরেস বলেছেন, অর্ধশতাব্দীর মধ্যে প্রথমবারের মতো আমরা এমন এক বিশ্বের মুখোমুখি যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর কোনও বাধ্যতামূলক সীমা নেই। এই দুই দেশই বিশ্বের পারমাণবিক অস্ত্রের বড় অংশের মালিক।

তিনি আরও বলেছেন, দশকের অর্জিত অস্ত্র নিয়ন্ত্রণ শেষ হওয়া একদমই ভালো সময় নয়, কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি এখন যুগের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

গুতেরেস আরও বলেছেন, বিশ্ব এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে, তারা কীভাবে কথাকে কাজে রূপান্তর করবে। আমি উভয় দেশের প্রতি আহ্বান জানাই দ্রুত আলোচনার টেবিলে ফিরে এসে এমন একটি নতুন কাঠামো তৈরি করতে, যা যাচাইযোগ্য সীমা ফিরিয়ে আনবে, ঝুঁকি কমাবে এবং আমাদের সাধারণ নিরাপত্তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, নিউ স্টার্ট চুক্তি হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। এই চুক্তি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা সীমিত করেছিল এবং উভয় দেশের ল্যান্ড ও সাবমেরিন-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান স্থাপনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। চুক্তিটি বুধবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.