দেশের বাজারে সোনার দাম বর্তমানে প্রতি ভরিতে আড়াই লাখ টাকায় পৌঁছানোয় বিদেশ থেকে সোনা আনার আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে ব্যাগেজ রুলস অনুযায়ী বিদেশ থেকে সোনা আনার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম ও শুল্ক কাঠামো রয়েছে যা প্রত্যেক যাত্রীর জেনে রাখা জরুরি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ব্যাগেজ রুলস অনুযায়ী একজন বিদেশফেরত যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম (প্রায় ৮ ভরি ১০ আনা) ওজনের সোনার অলংকার সম্পূর্ণ শুল্কমুক্ত অবস্থায় আনতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হলো, অলংকারের সংখ্যা ১২টির বেশি হওয়া যাবে না। যদি কোনো যাত্রী অলংকারের পরিবর্তে সোনার বার বা স্বর্ণপিণ্ড আনতে চান, তবে সর্বোচ্চ ১০ তোলা (১১৬.৬৪ গ্রাম) ওজনের একটি বার আনা সম্ভব। এক্ষেত্রে প্রতি তোলার জন্য ৫ হাজার টাকা হারে শুল্ক পরিশোধ করতে হবে।
বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীকে অবশ্যই ‘ব্যাগেজ ঘোষণা ফরম’ পূরণ করতে হবে। তবে ১০০ গ্রামের কম অলংকার থাকলে এই ফরম পূরণের প্রয়োজন নেই এবং যাত্রী সরাসরি গ্রিন চ্যানেল দিয়ে বের হতে পারবেন। শুল্ক আরোপযোগ্য পণ্য থাকলে রেড চ্যানেলে গিয়ে শুল্ক পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। উল্লেখ্য, রুপার অলংকারের ক্ষেত্রে ২০০ গ্রাম পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা বহাল রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.