নির্বাচনী ইশতেহারে যুবসমাজকে অর্থনৈতিক শক্তিতে রূপ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী পাঁচ বছরে দেশজুড়ে ১৫ লাখ সফল ফ্রিল্যান্সার এবং ৫ লাখ নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে দলটি। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী একটি শক্তিশালী ও যুগোপযোগী যুবনীতি প্রণয়নের অঙ্গীকার করেছে। পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে এক কোটি তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও গ্রিন টেকনোলজির মতো আধুনিক বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রত্যেক উপজেলায় ‘ইউথ টেক ল্যাব’ ও ‘ই-ওয়ার্কহাব’ স্থাপন করা হবে। দলটির নীতি হলো— ‘প্রথমেই চাকরি নয়, প্রথমেই উদ্যোক্তা’।
ইশতেহারে আরও বলা হয়েছে, শিক্ষিত বেকারদের জন্য দুই বছর মেয়াদী মাসিক ১০ হাজার টাকা ‘দক্ষতা বহুমুখীকরণ ফি’ বা সুদমুক্ত ঋণ প্রদান করা হবে। সরকারি চাকরিতে বয়সের বাধা তুলে দেওয়ার পাশাপাশি ৫ বছরে ৫০ লাখ তরুণের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া ক্রীড়া ক্ষেত্রে ৫০০ আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি এবং স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ইশতেহারে হাইস্পিড ইন্টারনেট সুবিধা নিশ্চিত করে প্রান্তিক তরুণদের বৈশ্বিক মার্কেটপ্লেসের সঙ্গে যুক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.