রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে আবুধাবিতে দ্বিতীয় দফার ত্রিপক্ষীয় বৈঠক শুরু

প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দ্বিতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই আলোচনা শুরু হয়। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ এসব তথ্য জানিয়েছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রুস্তেম উমেরভ জানান, প্রথমে ত্রিপক্ষীয় বৈঠক হচ্ছে এবং পরে নির্দিষ্ট ইস্যুভিত্তিক আলাদা আলাদা গ্রুপে আলোচনা চলবে। তিনি বলেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশনার আলোকে সম্মানজনক ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে তারা কাজ করছেন। এর আগে জানুয়ারির শেষ দিকে আবুধাবিতেই প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যা কিয়েভ ও ওয়াশিংটন গঠনমূলক বলে উল্লেখ করেছিল।

দ্বিতীয় দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আলোচনা শুরুর পর ক্রেমলিন জানিয়েছে, আজকের ফলাফলের ওপর কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পরিকল্পনা নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, শান্তিপূর্ণ সমাধানের দরজা খোলা থাকলেও কিয়েভ যথাযথ সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত রাশিয়া তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.