কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব করেছে স্পেনের সরকার। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এমন প্রস্তাবে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বিধি অনুযায়ী ১৬ বছরের কম বয়সী কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করা হবে। এই আইনের আওতায় পিতামাতারা শিশুদের জন্য ব্যবহারের সীমা নির্ধারণ করতে পারবেন, যা সামাজিক চাপ কমাতে সহায়ক হবে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঘোষণা করেন, তারা ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের পদক্ষেপ নিচ্ছেন এবং টেক কোম্পানিগুলোকে ক্ষতিকর কনটেন্টের জন্য দায়ী থাকার আহ্বান জানান।
সানচেজ সামাজিক মাধ্যমকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে বলেন, এখানে আইন উপেক্ষিত হয় এবং অপরাধ সহ্য করা হয়। তিনি মাস্কের বিরুদ্ধে তার ‘এক্স’ প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনেন। এর প্রতিক্রিয়ায় ইলন মাস্ক এক্স-এ পেদ্রো সানচেজকে ‘স্বৈরশাসক’, ‘বিশ্বাসঘাতক’ এবং ‘প্রকৃত ফ্যাসিস্ট’ হিসেবে বর্ণনা করেন।
২০২৫ সালের আগস্টে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, স্পেনের ৮২ শতাংশ মানুষ ১৪ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের পক্ষে মত দিয়েছেন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সরকারের এই পদক্ষেপটি এখন দেশটির পার্লামেন্টে পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.