৮০০ বিলিয়ন ডলারের মাইলফলকে ইলন মাস্ক

রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স (SpaceX) ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্সএআই (xAI) অধিগ্রহণ করার ঘোষণা দিয়েছে। এই ঐতিহাসিক চুক্তির ফলে স্পেসএক্সের সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন বা এক লাখ ২৫ হাজার কোটি ডলার। এই একীভূতকরণের প্রভাবে ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ ৮৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, চুক্তির আগে স্পেসএক্সের মূল্যায়ন ছিল ৮০০ বিলিয়ন ডলার এবং এক্সএআই-এর মূল্যায়ন ছিল ২৫০ বিলিয়ন ডলার। একীভূতকরণের পর সম্মিলিত কোম্পানিতে ইলন মাস্কের মালিকানা দাঁড়িয়েছে প্রায় ৪৩ শতাংশ, যার বাজারমূল্য ৫৪২ বিলিয়ন ডলার। বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৫২ বিলিয়ন ডলার। এই বিশাল সম্পদের অন্যান্য উৎসের মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায় ১৭৮ বিলিয়ন ডলারের শেয়ার এবং ১২৪ বিলিয়ন ডলার সমমূল্যের স্টক অপশন।

উল্লেখ্য, এটি এক বছরেরও কম সময়ের মধ্যে মাস্কের কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় বড় একীভূতকরণ। গত বছরের মার্চে তিনি এক্সএআই এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) একত্রিত করার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় মাস্কের নিকটতম প্রতিদ্বন্দ্বী গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ, যার সম্পদের পরিমাণ ২৮১ বিলিয়ন ডলার। মাস্কের সঙ্গে তাঁর সম্পদের ব্যবধান এখন রেকর্ড ৫৭৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.