বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরোয়ারে আলম, তিনি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার। ডিবির একটি মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে।
ডিবির একটি সূত্র জানায়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে ছরওয়ারে আলমকে আটক করা হয়। তাঁর মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
গত শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। সেই পোস্টের একটি অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপিপন্থীরা দাবি করেন, জামায়াতের আমির কর্মজীবী নারীদের চরম অবমাননা করেছেন।
এমন পরিস্থিতিতে শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে জামায়াতের অফিশিয়াল ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। শুধু জামায়াতের আমির নন, আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।
একই বিষয়ে অবস্থান তুলে ধরতে রোববার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত। সংবাদ সম্মেলনে একটি উপস্থাপনার মাধ্যমে দলের আমিরের এক্স হ্যান্ডল হ্যাক হওয়ার বিষয়টি তুলে ধরেন জামায়াতের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইটি) সেলের দুই সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম ও প্রকৌশলী মাহমুদুর রহমান। জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল কীভাবে হ্যাক হয়েছে, তা দেখান প্রকৌশলী মাহমুদুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকারি মেইল ব্যবহার করে এই কাজটি করা হয়েছে। কেউ assistantprogrammar@bangabhaban.gov.bd এই সরকারি মেইল ব্যবহার করে জামায়াতের মেইলে একটি ফাইল পাঠিয়েছে। যেখানে নির্বাচনসংক্রান্ত তথ্য আছে বলে একটা ফাইল সংযুক্ত করা ছিল। যার মেইল থেকে এসেছে, তাঁর নাম ছরওয়ারে আলম, তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে কাজ করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.