ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্র কর্তৃক অপহরণের এক মাস পূর্তিতে রাজধানী কারাকাসে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার হাজার হাজার মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে মাদুরো দম্পতির অবিলম্বে মুক্তি এবং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা চলছে। বিক্ষোভে অংশ নিয়ে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গেরা বলেন, “একটি বিদেশি বাহিনী আমাদের মাতৃভূমির মাটি অপবিত্র করেছে। এই অভিযানের ক্ষত আমাদের বুকে চিরদিন থেকে যাবে।” বিক্ষোভকারীরা “তাদের ফিরিয়ে দাও” এবং “ভেনেজুয়েলায় হস্তক্ষেপ চলবে না” সম্বলিত ব্যানার নিয়ে রাজপথে অবস্থান নেন।
এদিকে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বর্তমানে এক কঠিন ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন। একদিকে মাদুরো সমর্থকদের চাপ, অন্যদিকে মার্কিন প্রশাসনের দাবি—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তিনি শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছেন এবং দেশের হাইড্রোকার্বন খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ভেনেজুয়েলার তেল সম্পদ এবং ওয়াশিংটনের স্বার্থের সঙ্গে কারাকাস একমত হলে তিনি রদ্রিগেজ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আন্তর্জাতিক সম্প্রদায় এই অপহরণকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.