বিশ্বের প্রথম খুচরা বিক্রেতা বা রিটেইল কোম্পানি হিসেবে বাজার মূলধনে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল ওয়ালমার্ট। গত এক বছরে কোম্পানির শেয়ারের দাম ২৬ শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে এনভিডিয়া ও অ্যালফাবেটের মতো টেক জায়ান্টদের অভিজাত তালিকায় নাম লেখাল এই প্রতিষ্ঠানটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, উচ্চবিত্ত ও নিম্নবিত্ত—উভয় শ্রেণির ক্রেতাকে আকর্ষণ করার দ্বিমুখী কৌশলের কারণে ওয়ালমার্ট এই অভাবনীয় সাফল্য পেয়েছে। গত এক দশকে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ৪৬৮ শতাংশ, যা এসঅ্যান্ডপি ৫০০ সূচকের প্রবৃদ্ধিকে (২৬৪ শতাংশ) ছাড়িয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে মুদিপণ্য কেনাবেচার প্রতি চার ডলারের এক ডলারই যায় ওয়ালমার্টের পকেটে।
অনলাইন ভান্ডারে ৫০ কোটির বেশি পণ্য, এক ঘণ্টার দ্রুত ডেলিভারি সেবা এবং ‘ওয়ালমার্ট প্লাস’ পরিষেবার মাধ্যমে অ্যামাজনের মতো প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া তাদের বিজ্ঞাপন খাতের রাজস্ব ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে। তবে এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সরবরাহ ব্যবস্থার স্বয়ংক্রিয়করণ। পণ্যের মজুত ব্যবস্থাপনা এবং গ্রাহকের অনুসন্ধান প্রক্রিয়ায় এআই ব্যবহার করে ওয়ালমার্ট তাদের পরিচালন দক্ষতা বহুগুণ বাড়িয়ে নিয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বৈশ্বিক প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া জন ফার্নারের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো এআই প্রযুক্তিতে বিনিয়োগের এই গতি ধরে রাখা। ইতোমধ্যে ওয়ালমার্ট ওপেন এআই ও গুগলের সঙ্গে অংশীদারত্ব করেছে। বিশ্লেষকদের মতে, প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে ওয়ালমার্টের বাজার মূলধন দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.