সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনে থাকা সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

আবেদনে বলা হয়, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে বিপুল অর্থপাচার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন সূত্রে জানা গেছে, অনুসন্ধান চলাকালীন তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা একান্ত জরুরি।

আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি কর্মসূচি চলাকালে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিকসহ ১৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে শাহবাগ থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। ওই একই মামলায় গত ৮ সেপ্টেম্বর সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি কারামুক্ত হন। কারামুক্তির পরপরই তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নামলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের দেওয়া নিষেধাজ্ঞার ফলে তিনি এখন দেশের বাইরে যেতে পারবেন না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.