রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান

জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এদিন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিমান্ড শেষে সালমান এফ রহমানকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এ বিষয়ে দুদকের প্রসিকিউশন বিভাগের উপপরিচালক আমিনুল ইসলাম বলেন , গত ২৬ জানুয়ারি সালমান এফ রহমানকে চার দিন রিমান্ডে পাঠান আদালত। সে রিমান্ড শেষ হলে আজ আদালতে হাজির করা হয়।

নথি থেকে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামক একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও একমোডেশন বিল তৈরি করে সালমান এফ রহমান বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। এই জালিয়াতির সঙ্গে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক।

এ ঘটনায় গত বছরের ৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.