ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এড়াতে পারমাণবিক চুক্তির আহ্বান আমিরাতের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কোনো সংঘাতের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের এক প্যানেলে তিনি ওয়াশিংটনের সঙ্গে তেহরানকে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দ্বিপাক্ষিক আলোচনায় বসতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে সতর্ক করেছেন যে, চুক্তি না হলে ইরানের দিকে অগ্রসরমান নৌবহরের মাধ্যমে ‘খারাপ কিছু’ ঘটতে পারে। এই প্রেক্ষাপটে আনোয়ার গারগাশ বলেন, “আরেকটি সংঘাত আমাদের প্রয়োজন নেই। আমি চাই সরাসরি আলোচনা থেকে পারস্পরিক বোঝাপড়া তৈরি হোক, যা অঞ্চলের ভূরাজনীতি ও ইরানের অর্থনীতির জন্য উপকারী হবে।”

আঞ্চলিক এক কূটনীতিকের তথ্যমতে, ইস্তাম্বুলের এই গুরুত্বপূর্ণ বৈঠকে সৌদি আরব ও মিসরের প্রতিনিধিরাও অংশ নেবেন। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযানের পর ওয়াশিংটন তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে। তবে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি জানিয়েছেন, তেহরান আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন ও সুদান ইস্যুতে বিভিন্ন সমালোচনার মুখে থাকলেও আনোয়ার গারগাশ এগুলোকে ‘শব্দদূষণ’ ও উদ্দেশ্যপ্রণোদিত সোশ্যাল মিডিয়া প্রচারণা বলে উড়িয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা অপরিহার্য।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.