তেল কেনা নিয়ে ভারত কিছু জানায়নি: ক্রেমলিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে একটি বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন। চুক্তির শর্ত অনুযায়ী ভারত আর রাশিয়ার তেল কিনবে না বলে তিনি দাবি করেছেন। এর বিনিময়ে ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তেল না কেনার ব্যাপারে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানায়নি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছেন, তারা এ বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি শোনেননি। দিমিত্রি পেসকভ বলেন, “আমরা ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ককে সম্মান জানাই, তবে আমাদের জন্য রাশিয়া ও ভারতের উন্নত কৌশলগত সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দিল্লির সঙ্গে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই।”
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারত ও যুক্তরাষ্ট্রের এই চুক্তির কথা জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন এবং এর বদলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহ করবেন। ডোনাল্ড ট্রাম্পের মতে, এই পদক্ষেপ ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়ক হবে। এই ঘোষণার কয়েক মিনিট পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দেন এবং ১৪০ কোটি ভারতীয়র পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান।
চুক্তির ফলে ভারতীয় পণ্য মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে বড় সুবিধা পাবে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। তবে রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের জ্বালানি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখন বিশ্বজুড়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.