ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাস্তব সংস্কার কার্যক্রম দেখতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘টিআইবির লোকজন সবকিছু চোখে দেখতে পারে না। তাদের তো দিব্যদৃষ্টি নেই বা ভালো দৃষ্টিও নেই।’
গণমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল টিআইবি মন্তব্য করেছিল যে সরকার যতটা দৃশ্যমান দেখাচ্ছে, বাস্তবে সংস্কার ততটা হয়নি। এর পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা বলেন, ‘এত কিছু, শুধু রিফর্মের আইন তো দেখবেন না। কতগুলো প্রসেস সিমপ্লিফাই করেছি, তা আপনারা জানেন? অনেক পদ্ধতি আমরা স্বয়ংক্রিয় করেছি।’ তিনি আরও উল্লেখ করেন যে টিআইবির প্রশংসা তিনি এখনও করেন, তবে মৌলিক বিষয়গুলো দেখার আহ্বান জানান।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সংস্কার সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। আমি নিজে ভেতরে থেকে দেখেছি প্রক্রিয়ায় অনেক গলদ রয়েছে। আমি অবিলম্বে সমাধান দিই, কিন্তু অন্যান্যরা পারছে না বলে তাদের মধ্যে হতাশা রয়েছে।’ আমলাতান্ত্রিক জটিলতা ও ত্রুটিপূর্ণ আইনের সমালোচনা করে তিনি জানান, বাংলাদেশে কাজ করা অত্যন্ত কঠিন কারণ এখানকার প্রসেসগুলো অত্যন্ত জটিল ও জট পাকানো।
দেড় বছরের দায়িত্ব পালন শেষে দেশের অর্থনীতিকে একটি সন্তোষজনক ও স্থিতিশীল জায়গায় রেখে যাচ্ছেন বলে দাবি করেন অর্থ উপদেষ্টা। ঋণের বিষয়ে তিনি বলেন, ‘সর্বোচ্চ ঋণ যেমন করেছি, তেমনি ৬ বিলিয়ন ডলার ঋণ শোধও করেছি।’ তবে কর্মসংস্থান বাড়াতে না পারাকে একটি চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করে তিনি বলেন, ছোট ও মাঝারি শিল্প গঠন না হওয়ায় বেকারত্ব কমানো সম্ভব হয়নি। অর্থনীতি এখন নড়বড়ে অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় ফিরেছে বলেও তিনি মন্তব্য করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.