৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫ শতাংশ

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, বরং ৫ শতাংশ কাটতে হবে—এমন আদেশ দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এনবিআর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে এই নির্দেশনা জানানো হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই চিঠিতে আরও বলা হয়েছে যে, আগের নিয়ম অনুযায়ী পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার ওপর কোনো উৎসে কর কাটা হবে না। জানুয়ারি মাস থেকে অনেক গ্রাহক অভিযোগ করছিলেন যে, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে কর কাটা হচ্ছে। গ্রাহকদের এই ক্ষোভের প্রেক্ষিতে এনবিআর আজ এই স্পষ্টীকরণ ব্যাখ্যা প্রদান করল।

এনবিআরের চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুসারে সব সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম না করলে অর্জিত মুনাফার ওপর উৎসে কর কাটার হার হবে ৫ শতাংশ। আর যদি কোনো ব্যক্তির কেবল পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ পাঁচ লাখ টাকা না ছাড়ায়, তবে অর্জিত মুনাফার ওপর করের হার হবে শূন্য শতাংশ। তবে আয়কর আইন ২০২৩-এর ধারা ১০৫ অনুযায়ী, কোনো ব্যক্তির সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম করলে অর্জিত মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর প্রযোজ্য হবে।

বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে চার ধরনের সঞ্চয়পত্র চালু আছে: পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র বাদে বাকি সবগুলোতে প্রতিষ্ঠানেরও বিনিয়োগের সুযোগ রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.