এনবিআরে উন্মুক্ত হলো এইচএসকোড ভিত্তিক আমদানির তথ্য

সাধারণ মানুষসহ ব্যবসায়ী, গবেষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য এইচএসকোড (HS Code) ভিত্তিক পণ্য আমদানির তথ্য উন্মুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের এসব তথ্য এখন থেকে এনবিআরের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ দপ্তর জানায়, আমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্য সহজলভ্য করার লক্ষ্যে দীর্ঘদিনের দাবি পূরণ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে এনবিআরের ওয়েবসাইটের পাবলিকেশন পোর্টালের কাস্টমস লিংকে গত ডিসেম্বর মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যে পণ্যভেদে পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত বিস্তারিত উপাত্ত উপস্থাপন করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, এনবিআরের এই উদ্যোগের ফলে আমদানি সংক্রান্ত তথ্যপ্রাপ্তি আরও সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ হবে। এর মাধ্যমে তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং গবেষকদের জন্য নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ তৈরি হলো। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, আমদানির প্রবণতা এবং বাণিজ্য কাঠামো বিশ্লেষণ করা সহজ হবে। সংস্থাটি আরও জানায়, বন্ডেড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ এবং রপ্তানিমুখী শিল্পে সহায়তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নেও এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্রেড ফ্যাসিলিটেশনের অংশ হিসেবে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশের এ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে রাজস্ব প্রশাসন। নীতি প্রণয়ন ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণেও এসব উপাত্ত বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.