বৃহত্তর ময়মনসিংহ বিভাগে আজ তিনটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ কটিয়াদী কলেজ মাঠে, দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজ এবং দুপুর ২টায় গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে তিনি বক্তব্য দেবেন।
ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের নির্বাচনি লড়াইয়ে জামায়াতে ইসলামী চারটিতে (ময়মনসিংহ-৪, ৫, ৬ ও ১০) নিজস্ব প্রার্থী দিয়েছে। বাকি সাতটি আসন ছেড়ে দেওয়া হয়েছে ১১-দলীয় জোটের শরিকদের। সমঝোতা অনুযায়ী, ময়মনসিংহ-১ ও ২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস, ময়মনসিংহ-৩ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ময়মনসিংহ-৮ আসনে এলডিপি, ময়মনসিংহ-৯ আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এবং ময়মনসিংহ-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিদ্বন্দ্বিতা করছে। আজকের জনসভায় ১১টি আসনের সকল দলীয় ও জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চাইবেন ডা. শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন মহানগর জামায়াতের আমির ও সদর আসনের প্রার্থী মাওলানা কামরুল আহসান।
উল্লেখ্য, আজ ময়মনসিংহের পাশাপাশি কিশোরগঞ্জ ও গাজীপুরেও জামায়াত আমিরের জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে একই দিনে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৃথক সমাবেশের পরিকল্পনা থাকলেও আপাতত তা স্থগিত রাখা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.