হাইকোর্ট বিভাগের বিচারপতির পদত্যাগ

এক বছর বিচারিক কাজের বাইরে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে এই পদত্যাগপত্র দাখিল করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দফতর ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে তার পদত্যাগপত্রটি পৌঁছায়। জানা গেছে, বর্তমানে কানাডায় অবস্থানরত এই বিচারপতি সেখান থেকেই তার পদত্যাগপত্রটি পাঠিয়েছেন।

জানা গেছে, বিচারপতি মামনুন রহমান বিনা ছুটিতে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি তদন্ত প্রতিবেদন পাঠিয়েছিল। এর আগে একই কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের আরও তিনজন বিচারপতিকে অপসারণ করেছিলেন রাষ্ট্রপতি।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে প্রাথমিক পর্যায়ে ছুটিতে পাঠানো হয়েছিল। সেই ১২ জনের মধ্যে ৯ জন বিচারপতি এখন আর দায়িত্বে নেই- যাদের কেউ কেউ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তের পর বাধ্যতামূলক অবসরে গেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ স্বাভাবিক অবসরে গেছেন। বর্তমানে বাকি তিন জন বিচারপতি পদে বহাল থাকলেও কোনও বেঞ্চের দায়িত্বে নেই।

উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় চলতি মাসে বিচারপতি এম আর হাসানকেও ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে থাকা মোট ১৩ বিচারপতির বাইরে আরও যে দুই জন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তাদেরই একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.