জানুয়ারিতেও রপ্তানি আয়ে ধস

দেশের রপ্তানি আয়ে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের প্রথম মাস জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানি আয় শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৪ দশমিক ৪১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের জানুয়ারিতে এই আয়ের পরিমাণ ছিল ৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।

সোমবার (২ ফেব্রুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই–জানুয়ারি) সামগ্রিক রপ্তানি আয় ১ দশমিক ৯৩ শতাংশ কমেছে। এই সময়ে মোট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪১২ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৮ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ডিসেম্বরেও রপ্তানি আয়ে ১৪ দশমিক ২৫ শতাংশের বড় পতন দেখা গিয়েছিল।

বিগত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে রপ্তানি আয় কমছে, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং প্রধান বাজারগুলোতে চাহিদা কমে যাওয়াকে এই নেতিবাচক প্রবৃদ্ধির কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে পোশাকসহ প্রধান খাতগুলোতে প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও মাঠপর্যায়ে তার প্রভাব এখনো দৃশ্যমান হয়নি বলে গণমাধ্যমকে জানানো হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.