দেশের বাজারে সোনার মূল্যে এক নজিরবিহীন অস্থিরতা ও বড় ধরনের দরপতন দেখা গেছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪২৩ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে আজ সকাল ১০টা ৪৫ মিনিটে প্রথম দফায় সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ আজ একদিনেই দুই দফায় ভালো মানের সোনার দাম ভরিতে মোট ১২ হাজার ১৩ টাকা কমল। গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) রাতের দরপতনসহ গত ২৪ ঘণ্টায় তিন দফায় সোনার দাম প্রায় ১৪ হাজার টাকা কমেছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। তবে বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক বাজারেও সোনার দামে আজ বড় ধরনের ধস নেমেছে। আজ সোমবার বিশ্ববাজারে লেনদেন শুরু হওয়ার পর প্রতি আউন্স সোনার দাম প্রায় ২০০ ডলারের বেশি কমে ৪ হাজার ৬৬৮ ডলারে নেমে এসেছে, যা গত সপ্তাহে ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।
নতুন মূল্যতালিকানুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ৯৬ টাকায় নেমে এসেছে। সোনার দাম দফায় দফায় কমলেও রুপার দাম এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।
বিশ্ববাজারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত পরবর্তী ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের নীতির প্রভাব এবং সিএমই এক্সচেঞ্জে লেনদেনের মার্জিন (জামানত) বাড়ানোর সিদ্ধান্তের কারণে সোনার বাজারে এই ব্যাপক দরপতন শুরু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.