রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির দুটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের চার সদস্যকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত–৪–এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
প্রথম মামলার রায়ে শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিককে ৭ বছর এবং টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় মামলায় শেখ হাসিনাকে ৫ বছর, রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে ৭ বছর এবং টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া উভয় মামলায় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এর আগে ১৩ ও ১৮ জানুয়ারি আদালত মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারিত করেছিলেন। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে অনিয়মের মাধ্যমে পূর্বাচলে প্লট গ্রহণের অভিযোগে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় অভিযুক্তদের দণ্ড ও জরিমানার বিষয়ে বিস্তারিত পর্যবেক্ষণ তুলে ধরা হয় বলে গণমাধ্যমকে জানানো হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.