সোমবার ভোরে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীর ও আন্দামান দ্বীপপুঞ্জ। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস (GFZ) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) এই কম্পনের তথ্য নিশ্চিত করেছে। সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে জম্মু-কাশ্মীরে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৮।
ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ গভীর ঘুমে থাকলেও কম্পন অনুভূত হওয়া মাত্রই বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এনসিএস-এর তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু-কাশ্মীরের বুদগাম জেলার মাটির ১০ কিলোমিটার গভীরে। এর উৎসস্থল থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী শ্রীনগর এবং সংলগ্ন পুলওয়ামা ও শোপিয়ান অঞ্চলেও তীব্র কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত এই দুর্যোগে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের কম্পনের মাত্র কয়েক ঘণ্টা আগে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৩টা ৩১ মিনিটে অনুভূত হওয়া সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। এর কেন্দ্রস্থল ছিল নিকোবর অঞ্চলের ১০ কিলোমিটার গভীর এলাকায়। পর পর দুটি ভূমিকম্পের ঘটনায় সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে আতঙ্ক বিরাজ করলেও কর্তৃপক্ষ কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেনি বলে গণমাধ্যমকে জানানো হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.