সোনার দাম ভরিতে কমল সাড়ে ৮ হাজার টাকা

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতেও প্রতি ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ভালো মানের সোনার দাম ভরিতে মোট ৮ হাজার ৫১৫ টাকা কমল।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এই দাম কমানোর ঘোষণা দেয়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আজ আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হওয়ার পর প্রতি আউন্স সোনার দাম প্রায় ২০০ ডলার কমে ৪ হাজার ৬৫১ ডলারে নেমে এসেছে, যা গত বৃহস্পতিবার রেকর্ড ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় নেমে এসেছে। তবে সোনার দাম দফায় দফায় কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৭ হাজার ২৯০ টাকায় বিক্রি হচ্ছে।

করোনা-পরবর্তী গত পাঁচ বছরে সোনার দামের এই অস্বাভাবিক উত্থান-পতন বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে রেকর্ড ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বোচ্চ দর। তবে বিশ্ববাজারে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পরিবর্তনের পূর্বাভাসে দাম এখন নিম্নমুখী হতে শুরু করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.