জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার

সদ্য বিদায়ী জানুয়ারি মাসে ৩ দশমিক ১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, নতুন বছরের প্রথম মাসে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৮ কোটি ৫০ লাখ ডলার বেশি। গত বছরের জানুয়ারিতে প্রবাসী আয় ছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার।

চলতি ২০২৫–২৬ অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম ৭ মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৫৮৬ কোটি ২০ লাখ ডলার। ফলে ৩৪৭ কোটি ৪০ লাখ ডলার বেশি এসেছে।

এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে, ৩২৯ কোটি (৩.২৯ বিলিয়ন) ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলার। তবে সদ্য বিদায়ী মাস ডিসেম্বরের রেমিট্যান্স ৩২২ কোটি ৬৭ লাখ ডলার বা প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।

চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে— জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবর: ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, ডিসেম্বর: ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

পুরো অর্থবছরে রেমিট্যান্স দাঁড়াবে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি প্রদর্শন করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.