রাঙামাটিতে যমুনা ব্যাংকের ১১৮তম উপশাখা উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পর্যটন নগরী রাঙামাটিতে যমুনা ব্যাংক পিএলসির ১১৮তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। ‘আস্থা, সেবা ও অগ্রগতি’ স্লোগানকে সামনে রেখে ব্যাংকটির নতুন এই উপশাখার কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সহায়ক কমিটির সদস্য মো. বেলায়েত হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির নাসিরাবাদ শাখার ব্যবস্থাপক মো. সাইফুদ্দিন চৌধুরী।

এ সময় বক্তব্য দেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. আলী বাবর, রাঙামাটি নারী উদ্যোক্তা ফোরামের রোজিনা ইসলাম এবং রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় স্বনামধন্য ব্যবসায়ী এবং বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

যমুনা ব্যাংকের নতুন এই উপশাখা চালুর মাধ্যমে রাঙামাটির স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.