ট্রাম্পের হাতিয়ার না হতে ইরাককে সতর্ক করল তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইরাককে ইরানবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ না হতে বাগদাদকে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার। ইরাক যখন তেল চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করছে, তখন এ সতর্কবার্তা দিল ইরান।

শনিবার (২৮ নভেম্বর) মোহাম্মদ মোখবার ইরাককে যুক্তরাষ্ট্রের প্রভাব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে ওয়াশিংটনের হস্তক্ষেপের সুযোগ না দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করতে তেহরান সফর করেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি। বৈঠকে রেজায়ি বলেন, বিদেশিদের ইরান ও ইরাকের অর্থনৈতিক সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি পুরোপুরি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

জবাবে কাসিম আল-আবুদি ওই চুক্তির প্রতি বাগদাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরান বা প্রতিবেশী অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড কিংবা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।

ইরানের সঙ্গে স্থলবাণিজ্য সীমিত করার মার্কিন উদ্যোগের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রভাব স্থলপথের বাণিজ্যেও ছড়িয়ে দিতে চাইছে ওয়াশিংটন। চলতি মাসের শুরুতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন আল জাজিরাকে জানিয়েছিলেন, ইরানের সঙ্গে থাকা দুটি ছাড়া বাকি সব সীমান্ত পারাপারের পথ বন্ধ করতে বাগদাদকে অনুরোধ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক আমের লাফি জানান, সীমান্ত পারাপারের পথ আরও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ইরানি কর্মকর্তাদের বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নৌ অবরোধের পর দেশটি স্থলপথের বাণিজ্যের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পর বিকল্প হিসেবে ইরান স্থলসীমান্তের পথ ব্যবহার করতে শুরু করেছে। ওয়াশিংটনের অনুরোধ কার্যকর হলে ইরাকের সঙ্গে ইরানের মাত্র দুটি সীমান্ত পারাপারের পথ খোলা থাকবে। এর একটি ইরাকের আধা-স্বায়ত্তশাসিত উত্তর কুর্দি অঞ্চলে এবং অন্যটি দেশটির কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে।

ইরানের আশঙ্কা, সীমান্ত পারাপারের পথ বন্ধ হয়ে গেলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অবরোধের চাপ আরও বাড়বে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.