ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা এবং আগাম ঝুঁকি শনাক্তকরণে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বার্ষিক ঝুঁকি সম্মেলন আয়োজন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ‘রেজিলিয়েন্ট ব্যাংকিং থ্রু প্রোঅ্যাকটিভ রিস্ক ইন্টেলিজেন্স’ প্রতিপাদ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্টের (বিএসডি-৬) পরিচালক মোহাম্মদ জাকিকুল ইসলাম। তিনি সম্মেলনে দিকনির্দেশনামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান। তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে কৌশলগত দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম।
সম্মেলনে ‘ইমপ্লিমেন্টেশন অব আরবিএস: অ্যান ওভারভিউ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্টের (বিএসডি-৬) অতিরিক্ত পরিচালক নিরঞ্জন চন্দ্র ভৌমিক।
এ সময় উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. এহতেশাম রহমান। এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (ম্যানকম) সদস্য এবং ঢাকা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন ব্যাংকটির শতাধিক কর্মকর্তা।
সম্মেলনে ঝুঁকি শাসনব্যবস্থা বা রিস্ক গভর্ন্যান্স আরও শক্তিশালী করা, আগাম ঝুঁকি শনাক্তকরণ এবং ব্যাংকের পরিচালনগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কার্যকর ও দূরদর্শী ব্যবস্থাপনা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.