যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযানে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। এ প্রযুক্তির মাধ্যমে সামরিক যোগাযোগ, অভিযান সমন্বয় এবং একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনায় সহায়তা পেয়েছে দেশটির বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধের শুরুর দিকে মার্চ মাসের প্রথম সপ্তাহে স্টারলিংকের অননুমোদিত ব্যবহারের বিষয়টি জানতে পারেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে পরিচিত দুই ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহার করছে বলে জানতে পেরে ক্ষুব্ধ হন মাস্ক।

মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধেও স্টারলিংকের সামরিক সংস্করণ ব্যবহারের অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ স্টারশিল্ড নামের ওই সেবা ব্যবহার করে লুকাস মডেলের একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনা করছিল। তবে এ ক্ষেত্রে আকাশপথে ব্যবহারের জন্য নির্ধারিত বেশি দামের পরিবর্তে স্থলভিত্তিক কার্যক্রমের জন্য নির্ধারিত তুলনামূলক সস্তা প্যাকেজ ব্যবহার করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়েও ক্ষুব্ধ ছিলেন মাস্ক।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত মার্চের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর তেহরান পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ সময় ইরানের প্রচলিত যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টারলিংক তাদের বিকল্প যোগাযোগমাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তৈরি একটি গোপনীয় প্রতিবেদনেও ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। চলতি বছরের গ্রীষ্মে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো ওই প্রতিবেদনে ইরানি বাহিনীর যোগাযোগ ও নিয়ন্ত্রণ কার্যক্রম এবং ড্রোন পরিচালনায় প্রযুক্তিটির ব্যবহারের কথা উল্লেখ করা হয়।

এদিকে গত ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দ্রুতগতিতে চলাচলকারী উড়োজাহাজে স্টারলিংক ব্যবহারের ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের শর্ত চালু করে স্পেসএক্স। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি তাদের পণ্য বিক্রির নেটওয়ার্কেও নিয়ন্ত্রণ জোরদার করে এবং অনুমোদিত পুনর্বিক্রেতাদের মাধ্যমে পণ্য সরবরাহের কিছু কার্যক্রম স্থগিত করে।

তবে ইরানে স্টারলিংকের ব্যবহার বন্ধ করা স্পেসএক্সের জন্য জটিল সিদ্ধান্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশটির সাধারণ মানুষ ও সরকারবিরোধী আন্দোলনকারীরা সরকারি ইন্টারনেট নিয়ন্ত্রণ এড়িয়ে যোগাযোগের জন্য এ সেবা ব্যবহার করছেন। ফলে সামরিক বাহিনীর অননুমোদিত ব্যবহার ঠেকাতে গিয়ে সাধারণ মানুষের যোগাযোগব্যবস্থাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে স্টারলিংকের ব্যবহার পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। ইউক্রেনের ক্ষেত্রে অনুমোদিত ব্যবহারকারীদের তালিকা তৈরির মাধ্যমে সেবা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও ইরানে এমন কোনো নির্ভরযোগ্য কর্তৃপক্ষ নেই, যার সঙ্গে সমন্বয় করে অনুমোদিত টার্মিনাল চিহ্নিত করা যায়।

তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ বিষয়ে কোনো প্রতিবেদন জমা পড়েছে বলে তাদের জানা নেই। তবে ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ নিয়ে  মন্তব্য জানা যায়নি। এছাড়া স্পেসএক্সও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ঘটনাটি আবারও যুদ্ধক্ষেত্রে বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং সামরিক ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.