ব্যাংক খাতের সংকট কাটবে আগামী বছর, আমানত ফেরতের আশ্বাস অর্থমন্ত্রীর
আগামী বছরের মধ্যে দেশের ব্যাংক খাতের সংকট কেটে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে ব্যাংকে অর্থ জমা রাখা গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কৌশল নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, আগামী বছরের মধ্যে দেশের ব্যাংক খাত স্থিতিশীল হবে। গ্রাহকরা তাদের জমা করা অর্থ ফেরত পাবেন। ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে এ সময়ের মধ্যে প্রয়োজনীয় অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, তেল ও গ্যাস আমদানিতে প্রতিদিন বড় ধরনের আর্থিক চাপ মোকাবিলা করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে সরকারকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। এসব কারণে আগামী কিছুদিন দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কম থাকতে পারে। তবে খাদ্য মূল্যস্ফীতি আরও কমিয়ে আনতে হবে।
দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এতদিন পুঁজিবাজার কার্যকর বাজার হিসেবে গড়ে ওঠেনি; বরং এটি ক্যাসিনোর মতো ছিল। পুঁজিবাজারকে কার্যকর বাজারে রূপান্তরের প্রয়োজনীয়তার বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে। মন্ত্রী আরও বলেন, পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো বাস্তবায়ন করা হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.