শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম সেপাহি নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। সংঘর্ষ ও অবরোধের কারণে পদ্মা সেতু এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল সাড়ে ৭টার পর যান চলাচল আবার শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোর থেকেই জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের গোলচত্বরে জড়ো হতে থাকেন।
একপর্যায়ে তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। অবরোধের প্রভাবে ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।
অবরোধকে কেন্দ্র করে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে যুবলীগ কর্মী ইব্রাহিম সেপাহি নিহত হন। এ ছাড়া দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
অবরোধ চলাকালে পদ্মা সেতুর কাছাকাছি আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ও পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হয়। আগুনে দুটি স্থাপনার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে অবরোধকে কেন্দ্র করে সংঘাতের পরিস্থিতি তৈরি হলে সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষ এড়াতে সেখান থেকে নিরাপদ স্থানে সরে যান।
ঘটনার বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.