রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে সংশ্লিষ্ট থানাগুলোতে ৪১টি মামলা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। সেখানে ১১১ জনকে আটক করা হয়।
এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৯ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মতিঝিলে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৪ জন, লালবাগে ৪৩ জন, গুলশানে ৩০ জন এবং রমনা বিভাগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করে।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং একটি চাইনিজ কুড়াল জব্দ করেছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ৯৬ গ্রাম গাঁজা এবং ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় করা মামলাগুলোর ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.