বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের (ইউসিবিআইএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে টানা তৃতীয় মেয়াদে পুনর্নিয়োগ পেয়েছেন জনাব তানজীম আলমগীর। নতুন মেয়াদে আরও তিন বছর প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেবেন তিনি।
তানজীম আলমগীর ৯ নভেম্বর ২০২০ তারিখে ইউসিবি ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ৯ নভেম্বর ২০২৩ তারিখে তাঁর নিয়োগ প্রথমবার নবায়ন করা হয়। গত ছয় বছরে তাঁর নেতৃত্বে বিনিয়োগ ব্যাংকিং কার্যক্রমের প্রসার এবং উল্লেখযোগ্য মূলধন সংগ্রহের মাধ্যমে বাংলাদেশের আর্থিক খাতে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।
তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠার পর থেকে ইউসিবি ইনভেস্টমেন্ট ৬৬টিরও বেশি ডিল সম্পন্ন করেছে এবং ২১ হাজার ৬০০ কোটি টাকারও বেশি তহবিল সংগ্রহ করেছে। এসব লেনদেন বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নের চাহিদা পূরণের পাশাপাশি দেশের পুঁজিবাজারের কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রেখেছে।
এই সময়ে প্রতিষ্ঠানটির সাফল্য আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। ইউসিবি ইনভেস্টমেন্ট ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা চার বছর ইউরোমানির ‘সেরা বিনিয়োগ ব্যাংক’ পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি ফাইন্যান্সএশিয়া অ্যাওয়ার্ডস ২০২৫-এ ‘ইনভেস্টমেন্ট ব্যাংক’, ‘ডেট ক্যাপিটাল মার্কেটস হাউস’ এবং ‘ইকুইটি ক্যাপিটাল মার্কেটস হাউস’—এই তিন বিভাগে সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি।
তানজীম আলমগীরের পুনর্নিয়োগ ইউসিবি ইনভেস্টমেন্টের নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখবে। অর্জিত সাফল্যের ভিত্তিতে বিনিয়োগ ব্যাংকিং ও করপোরেট পরামর্শসেবার সক্ষমতা আরও বাড়ানোর পথে এগিয়ে যাবে প্রতিষ্ঠানটি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.