আগামী এক বছরের মধ্যে দেশের সব ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে ভুগছেন। তবে আক্রান্তদের অনেকেই রোগের দীর্ঘমেয়াদি জটিলতা সম্পর্কে সচেতন নন। এ সমস্যা মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় ডায়ালাইসিস সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কিডনি রোগ দ্রুত শনাক্ত করতে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতা বাড়ানো হচ্ছে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগ শনাক্তে উপজেলা পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী কাজ করবেন।
দেশের প্রত্যন্ত অঞ্চলে কিডনি চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট তৈরির প্রশিক্ষণ কার্যক্রমও শুরু হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের।
প্রতিমন্ত্রী বলেন, কিডনি রোগের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে সরকার কাজ করছে।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি। এ সময় কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ এবং মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেলও বক্তব্য রাখেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.