বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আর বেশি দিন দেখা যাবে না মুশফিকুর রহিমকে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের অভিজ্ঞ এই ব্যাটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি আগেই ছেড়ে দেওয়ায় ইংল্যান্ড সিরিজ দিয়েই শেষ হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। এই সিরিজকেই নিজের বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন মুশফিক। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তার। দীর্ঘ ২২ বছর পর ২০২৭ সালের জানুয়ারিতে একই প্রতিপক্ষের বিপক্ষে শেষ হবে তার টেস্ট ক্যারিয়ার।
আগামী বছরের মে মাসে লর্ডসে বাংলাদেশের একটি টেস্ট খেলার সূচি থাকলেও সেই পর্যন্ত অপেক্ষা করছেন না ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র শেষ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে একাধিক রেকর্ডের মালিক মুশফিক। ২১ বছর ১৭৭ দিনের টেস্ট ক্যারিয়ারে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ রানের মালিকও তিনি। ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮ দশমিক ৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান।
চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্স ও ব্যাট হাতে অসংখ্য স্মরণীয় ইনিংস উপহার দেওয়া এই ক্রিকেটারের বিদায়ে শেষ হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের একটি দীর্ঘ অধ্যায়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.