বাংলাদেশে কার্যক্রম শুরুর দুই দশকের পথচলায় নতুন মাইলফলক স্পর্শ করেছে বিশ্বখ্যাত ফুড ব্র্যান্ড কেএফসি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে চালু হয়েছে প্রতিষ্ঠানটির ৫০তম আউটলেট। বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সাল থেকে ব্র্যান্ডটির কার্যক্রম পরিচালনা করছে।
আধুনিক নকশা ও দৃষ্টিনন্দন সাজসজ্জায় তৈরি নতুন এই রেস্তোরাঁয় গ্রাহকদের জন্য রাখা হয়েছে খোলামেলা ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ। কেএফসির সর্বশেষ আন্তর্জাতিক নকশা অনুসরণে নির্মিত আউটলেটটি বাংলাদেশের অন্যতম বড় রেস্তোরাঁ। এখানে একসঙ্গে ১৩০ জন অতিথির বসে খাবার গ্রহণের ব্যবস্থা রয়েছে।
রেস্তোরাঁটি পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হবে। গ্রাহকদের নিজেরাই খাবার অর্ডার করার সুবিধা দিতে স্থাপন করা হয়েছে চারটি সেলফ-অর্ডারিং কিয়স্ক। এর মাধ্যমে অর্ডার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
৫০তম আউটলেট উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবারও পরিবেশন করা হয়।
নতুন আউটলেট চালু প্রসঙ্গে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন, বাংলাদেশে কেএফসির অগ্রযাত্রা তাদের জন্য অত্যন্ত আনন্দের। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও গ্রাহকদের প্রত্যাশা পূরণে মানসম্মত খাবার ও সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.