ফ্যাসিবাদের সময়ে শিক্ষাব্যবস্থাও ধ্বংসের মুখে পড়েছিল: প্রধানমন্ত্রী

দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও সেই তুলনায় শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদের শাসনামলে অন্যান্য খাতের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ধ্বংসের মুখে পড়েছিল।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়।

সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব তাদেরই পালন করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করছে। তবে এসব উদ্যোগের বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সংশ্লিষ্টদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সম্মিলনটি অনুষ্ঠিত হয়।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.