আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

দেশের আবহাওয়ায় শীতের প্রভাব আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সোমবার (৩০ নভেম্বর) থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপর কয়েক দিন তাপমাত্রা নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৭৮ শতাংশ। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে।

আগামীকাল রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘের উপস্থিতি দেখা যেতে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) থেকে আবহাওয়ার তাপমাত্রায় পরিবর্তন আসতে পারে। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো আভাস নেই।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় দিন ও রাতের তাপমাত্রা আরও কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.