স্বাভাবিক হচ্ছে গাজীপুরের শিল্পাঞ্চল

শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের কারণে কয়েক দিন অস্থির থাকার পর গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ। নতুন বেতন কাঠামো ঘোষণার পর তিন দিনের ছুটি শেষে শনিবার সকালে অধিকাংশ পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। চালু হয়েছে উৎপাদন কার্যক্রম। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা এখনো খোলেনি।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকদের কর্মস্থলে ফেরার চিত্র দেখা যায়। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন শিল্প এলাকাগুলোর অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল থেকেই ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় শ্রমিকদের দলে দলে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। একই চিত্র ছিল সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি ও বাঘের বাজারসহ আশপাশের শিল্প এলাকাতেও।

শ্রমিকদের ভাষ্য, দীর্ঘদিনের আন্দোলন ও কর্মসূচির কারণে কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হয়েছে। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় কাজে মনোযোগ দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারা।

এদিকে শিল্পাঞ্চলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দায়িত্ব পালন করছেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। গুরুত্বপূর্ণ সড়ক ও শিল্প এলাকার বিভিন্ন পয়েন্টে তাদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজে ফিরেছেন। শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা ছাড়া অন্যগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.